বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
বরগুনায় ১৬ সাংবাদিক পেলেন ৮ লাখ টাকার অনুদান
হোম » গণমাধ্যম » বরগুনায় ১৬ সাংবাদিক পেলেন ৮ লাখ টাকার অনুদান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসাসংকটে থাকা ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। বুধবার (২১ অক্টোবর) দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
চলতি অর্থবছরের আওতায় দেওয়া এ সহায়তা আর্থিক সংকটে থাকা সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত প্রতিকূলতা মোকাবিলায় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুন-অর রশিদ রিঙ্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি মুশফিক আরিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ এবং বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন।
বক্তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তাঁদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা জনসচেতনতা তৈরি এবং দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাঁরা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অনেক সাংবাদিক আর্থিক সংকট, অসুস্থতা ও চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সমস্যায় পড়েন। এ অবস্থায় তাঁদের পাশে দাঁড়ানো এবং কল্যাণে কার্যকর সহায়তা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ উদ্যোগ সংকটে থাকা সাংবাদিকদের সহায়তা করবে।
অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ১৬ সাংবাদিকের হাতে মোট ৮ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:২৬:১৭ ● ২৯ বার পঠিত
