বুধবার ● ২১ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ায় শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের শিশু রাইয়ান হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলাপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

 

শিশু রাইয়ান হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান শহীদ মাতুব্বর, কলাপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আবুল হোসেন, প্রভাষক তারেক আনাম সুমন, ব্যবসায়ী নেতা মো. বিল্লাল খান কাবুল, সংবাদকর্মী তানজিল জামান জয় ও নাজমুস সাকিবসহ অন্যরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর সকাল ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে অটোরিকশাচালক মো. রাসেল খানের ১০ মাসের ছেলে রাইয়ান ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয়। দুই দিন পর ১৭ অক্টোবর পাশের নাওভাঙ্গা খাল থেকে ব্যাগবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

 

এ ঘটনায় শিশুটির মা মোসা. আমেনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন। এ ঘটনায় আলামিন খান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:০৪ ● ৩৬ বার পঠিত