বুধবার ● ২১ অক্টোবর ২০২৬

দুমকিতে ৫ হাজার মিটার জাল ও ট্রলার জব্দ, দুই জেলের কারাদণ্ড

হোম » পটুয়াখালী » দুমকিতে ৫ হাজার মিটার জাল ও ট্রলার জব্দ, দুই জেলের কারাদণ্ড
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


দুমকিতে ৫ হাজার মিটার জাল ও ট্রলার জব্দ, দুই জেলের কারাদণ্ডসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পায়রা নদী থেকে ৫ হাজার মিটার অবৈধ জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনের মধ্যে দুই জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে, ১৩ বছর বয়সী এক কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্ত দুই জেলে হলেন মো. মজিবর হাওলাদার (৬২) ও উজ্জ্বল হাওলাদার (২৬)। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া কিশোরের নাম সিয়াম (১৩)।

 

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত পায়রা নদীর বাহেরচর, লেবুখালী, আলগি ও রাজগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৫ হাজার মিটার অবৈধ জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

 

পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দুই জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বয়স বিবেচনায় কিশোর সিয়ামকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় পায়রা নদীতে নিয়মিত অভিযান চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৪৮:১৩ ● ২১ বার পঠিত