বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
হোম » আবহাওয়া » দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
সাগরকন্যা আবহাওয়া ডেস্ক
দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে আগামী ২৩ অক্টোবর দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২৪ অক্টোবর) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এ দিনও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের শেষভাগে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে বুধবার সকালে ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। সকালে রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে।
বাংলাদেশ সময়: ১১:৩৯:২৪ ● ২০ বার পঠিত
