মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬

আমতলীতে জেলেদের ৬ টন চাল কম বিতরণের অভিযোগ

হোম » জেলে-মৎস্য » আমতলীতে জেলেদের ৬ টন চাল কম বিতরণের অভিযোগ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬


ছবি সংগৃহীতসাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ৪০ মেট্রিক টন চালের মধ্যে ৩৪ মেট্রিক টন ছাড় করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলেরা। এ ছাড়া শতাধিক নিবন্ধিত জেলে চাল না পেয়ে ফিরে গেছেন বলে দাবি তাঁদের।

 

জেলেদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন ও কয়েকজন ইউপি সদস্য তালিকায় নাম না থাকার অজুহাতে তাঁদের চাল দেননি। জেলে জালাল, খলিল ও জামাল গাজীসহ কয়েকজন এ অভিযোগ করেন। বিতরণ তালিকা যাচাই করে অনিয়মের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

 

ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জেলে খলিলের দাবি, তাঁর ওয়ার্ডের ৩৫ জন নিবন্ধিত জেলে চাল পাননি। অন্যদিকে ৩ নম্বর ওয়ার্ডে অন্তত ৩০ জন জেলে চাল নিতে এসে ফিরে গেছেন বলে অভিযোগ করেন নাশির মাল।

 

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘সব জেলের মধ্যে চাল বিতরণ করেছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’

 

আমতলী খাদ্যগুদামের কর্মকর্তা (এলএসডি) মো. তাইফুর রহমান বলেন, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে কত চাল ছাড় করা হয়েছে, তা তাঁর জানা নেই। খোঁজ নিয়ে জানাতে হবে।

 

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল বলেন, সব জেলের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। চাল না পাওয়ার অভিযোগ তিনি পাননি।

বাংলাদেশ সময়: ১৯:১৪:৩৪ ● ১৯ বার পঠিত