মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬

আমতলীতে কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

হোম » বরগুনা » আমতলীতে কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬


 

আমতলীতে কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে ওমর ফারুক (১৭) নামে এক কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

নির্যাতনের শিকার ওমর ফারুক আমতলী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁর অভিযোগ, একই কলেজের শিক্ষার্থী আবিদ, সজিব, বায়েজিদ ও তরিকুল তাঁকে অটোরিকশায় তুলে কালীবাড়ি এলাকার নির্জন স্থানে নিয়ে হকি স্টিক দিয়ে পিটিয়ে আহত করেন। পরে তাঁকে সড়কের পাশে ফেলে রেখে যান। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ওমর ফারুক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর হাত, পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যথায় তিনি স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারছেন না।

 

ওমর ফারুক বলেন, রবিবার রাতে গ্রামের বাড়ি চন্দ্রা থেকে আমতলী শহরে গেলে আব্দুল্লাহ সুপার মার্কেটের সামনে থেকে আবিদ, সজিব, বায়েজিদ ও তরিকুল তাঁকে অটোরিকশায় তুলে নেন। পরে কালীবাড়ি এলাকায় নিয়ে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে হকি স্টিক দিয়ে মারধর করেন। তিনি বলেন, তাঁদের পা ধরেও রক্ষা পাননি। মারধরের পর কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ কারণে ভয়ে পুলিশকে বিষয়টি জানাননি।

 

অভিযুক্ত বায়েজিদ হোসেন মারধর ও ওমর ফারুককে তুলে নেওয়ার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তবে বিএনপির বিরুদ্ধে কটূক্তি করায় ওমর ফারুককে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুল ইসলাম রাহাত বলেন, ওমর ফারুককে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় তাঁরা কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:২৬:০৯ ● ২০ বার পঠিত