মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬

সুন্দরবনে হরিণ শিকার, খণ্ডিত মাথা ও ভুঁড়িসহ আটক ১

হোম » খুলনা » সুন্দরবনে হরিণ শিকার, খণ্ডিত মাথা ও ভুঁড়িসহ আটক ১
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬


 

সুন্দরবনে হরিণ শিকার, খণ্ডিত মাথা ও ভুঁড়িসহ আটক ১

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবনের খুলনা রেঞ্জের ময়দাপাশা এলাকায় অভিযান চালিয়ে হরিণের খণ্ডিত মাথা ও ভুঁড়িসহ আয়তুল্লাহ গাজী (২২) নামে এক যুবককে আটক করেছে বন বিভাগ। এ সময় একটি নৌকা, ছিটকি ফাঁদসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির অধীন ময়দাপাশা এলাকায় এ অভিযান চালানো হয়। আটক আয়তুল্লাহ কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা। অভিযানের খবর পেয়ে তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান।

 

বানিয়াখালী স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা কে এম রাশেদ সাদাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈসহ বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:২৭ ● ১৩ বার পঠিত