রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় শিশু হত্যা মামলার আসামির পাঁচ দিনের রিমান্ড, শুনানিতে ছিলেন না কোনো আইনজীবী

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় শিশু হত্যা মামলার আসামির পাঁচ দিনের রিমান্ড, শুনানিতে ছিলেন না কোনো আইনজীবী
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ায় শিশু হত্যা মামলার আসামির পাঁচ দিনের রিমান্ড, শুনানিতে ছিলেন না কোনো আইনজীবী

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাস বয়সী শিশু রাইয়ান হত্যা মামলার আসামি আল-আমিনের পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনির আদালত এ আদেশ দেন। রিমান্ড শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী অংশ নেননি।

 

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফোরকান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

কলাপাড়া চৌকি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আবুল হোসেন বলেন, ১০ মাস বয়সী শিশুকে হত্যার অমানবিক ঘটনার প্রতিবাদে চৌকি আদালত আইনজীবী সমিতির কোনো আইনজীবী আসামির পক্ষে শুনানিতে অংশ নেননি।

 

মামলার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয় ১০ মাস বয়সী শিশু রাইয়ান। নিখোঁজের দুই দিন পর শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আল-আমিনের বসতবাড়ির পাশের একটি খাল থেকে শিশুটির ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করে পুলিশ। রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এতে হত্যার উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:৪৮ ● ৫০ বার পঠিত