শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুরে মাছ শিকার, খাদ্য কর্মকর্তার কাছ থেকে জব্দ
হোম » পিরোজপুর » জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুরে মাছ শিকার, খাদ্য কর্মকর্তার কাছ থেকে জব্দ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ শিকারের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য কর্মকর্তা কে এম মামুনুর রশিদের বিরুদ্ধে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাছগুলো জব্দ করা হয়। শনিবার সকালে মাছগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলা খাদ্য গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, শুক্রবার দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়াই পরিষদের পুকুর থেকে মাছ শিকার করেন খাদ্য কর্মকর্তা কে এম মামুনুর রশিদ। পরে কাউকে না জানিয়ে মাছগুলো প্যাকেট করে পাবনায় নিজের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তিনি।
বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিউর রহমান রুবেল তাঁকে মুঠোফোনে যোগাযোগ করে মাছগুলো জমা দিতে বলেন। প্রথমে মাছ দিতে রাজি না হলেও পরে থানা পুলিশের সহায়তায় মাছগুলো জব্দ করে জমা রাখা হয়। শনিবার সকালে মাছগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। নিলামে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের এক কর্মচারী অভিযোগ করে বলেন, খাদ্য কর্মকর্তা প্রায়ই এভাবে উপজেলা পরিষদের পুকুরে মাছ শিকার করেন এবং কাউকে না জানিয়ে মাছ নিয়ে যান।
অভিযোগের বিষয়ে খাদ্য কর্মকর্তা কে এম মামুনুর রশিদ বলেন, ‘আমি কয়েকটি মাছ শিকার করেছি। স্যার আমাকে ফোন দিয়েছেন, আমি মাছগুলো তাঁর কাছে জমা দিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, ‘আমাকে না জানিয়ে তিনি কয়েকটি মাছ শিকার করেছেন। খবর পেয়ে তাঁকে ফোন করে মাছ জমা দিতে বলেছি। তিনি মাছ জমা দিয়েছেন। শনিবার সকালে প্রকাশ্যে নিলাম দেওয়া হয়েছে। নিলামে পাওয়া টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
বাংলাদেশ সময়: ১৯:৩৮:৪৯ ● ২৪ বার পঠিত
