শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬

পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

হোম » প্রবাস » পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬


 

পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

সাগরকন্যা প্রবাস ডেস্ক

 

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

 

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে।

 

তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামি আইনের ‘তাআজির’ বিধানে তাঁদের মৃত্যুদণ্ড দেন। এ বিধানে অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় শাস্তি নির্ধারণের ক্ষমতা বিচারকের ওপর থাকে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুত্ব, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং ঘটনার পরিস্থিতি বিবেচনায় আদালত এ দণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্তৃপক্ষ রায় বহাল রাখেন। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ইসলামি আইন অনুযায়ী বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

 

তবে সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে কী ধরনের কাজের জন্য তাঁদের দণ্ড দেওয়া হয়েছে, কোন মসজিদে ঘটনাটি ঘটেছে কিংবা তাঁদের গ্রেপ্তারের সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এদিকে জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ তাদের অবহিত করেনি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১:১৬:৪৫ ● ২৯ বার পঠিত