শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬

যশোরে প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

হোম » খুলনা » যশোরে প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬


 

সংগৃহীত একটি প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, যশোর

 

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, তাঁরা প্রেমিক-প্রেমিকা ছিলেন।

 

নিহত অয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা খাতুন চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে।

 

পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা একটি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। তাঁদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০:১১:৪০ ● ২৩ বার পঠিত