বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
মারধরের অভিযোগ কুয়াকাটার মিশ্রিপাড়ায় পর্যটকদের জন্য বন্ধ সীমা বৌদ্ধ বিহার
হোম » কুয়াকাটা » মারধরের অভিযোগ কুয়াকাটার মিশ্রিপাড়ায় পর্যটকদের জন্য বন্ধ সীমা বৌদ্ধ বিহার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটার মিশ্রিপাড়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে সীমা বৌদ্ধ বিহারের সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে বিহার কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিহার প্রাঙ্গণে রাখাইন সম্প্রদায়ের প্রতিবাদ সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
বিহার কর্তৃপক্ষের অভিযোগ, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিহারের সীমানার মধ্যে একটি দোকানঘর নির্মাণ করতে গেলে স্থানীয় সামসুল আলম ও নাসির হাওলাদার জমির মালিকানা দাবি করে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা বিহার সভাপতি মংলাচিনের ওপর হামলা চালিয়ে তাঁকে মারধর করেন।
বিহার সভাপতি মংলাচিন বলেন, বিহারের সামনের দোকানগুলো থেকে সীমানার মধ্যে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছিল। এ সমস্যা সমাধানে মঙ্গলবার সকালে বিহার কর্তৃপক্ষ সেখানে একটি দোকানঘর নির্মাণের উদ্যোগ নেয়। এ সময় সামসুল আলম ও নাসির হাওলাদার জমির মালিকানা দাবি করে বাধা দেন। একপর্যায়ে তাঁকে চড়-থাপ্পড় মেরে হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মংলাচিন আরও দাবি করেন, বিহারের সীমানাপ্রাচীরের ভেতরের কিছু জমি ভুলবশত বিএস জরিপে অন্যদের নামে রেকর্ড হয়েছে। কাগজপত্র বিহারের নামে থাকা সত্ত্বেও বিএস জরিপের রেকর্ড দেখিয়ে শতবর্ষী বিহারের জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ তাঁর।
পটুয়াখালী জেলা রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার বলেন, রাখাইন সম্প্রদায়ের প্রার্থনালয় সীমা বৌদ্ধ বিহারের জমি দখলের চেষ্টা সামসুল আলম ও নাসির হাওলাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে করে আসছেন। এর ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করছেন। ঘটনার বিচার না হওয়া পর্যন্ত বিহারটি পর্যটক ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে নাসির হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, বিহার সভাপতিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০:৫২:৫৮ ● ৩৭ বার পঠিত
