বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ সংগঠনের চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকটে সরকার: সেলিমা রহমান
হোম » রাজনীতি » নিষিদ্ধ সংগঠনের চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকটে সরকার: সেলিমা রহমান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
‘বাংলাদেশ একটি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’ মন্তব্য করে বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সেলিমা রহমান বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট এসব চ্যালেঞ্জের অন্যতম।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, নানা প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হবে। এ জন্য প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন।
তিনি বলেন, সুন্দর ও আধুনিক বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি সেবার মান বাড়াতে হবে এবং দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশ সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন এবং সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:২৯:২০ ● ২১ বার পঠিত
