বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে আলোচনা সভা
হোম » বরগুনা » বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে আলোচনা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমে তথ্য যাচাই ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি। জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বাস্তবায়িত প্রকল্পটিতে সহায়তা দিচ্ছে নেদারল্যান্ডস সরকার।
সভায় প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি আবদুস সালাম সিদ্দিকী, ইজওয়ার পরিচালক আসাদুল ইসলাম চিনু, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি সাদুল ইসলাম মন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহাসিন খান, নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন এবং বেতাগী থানার উপপরিদর্শক হুমায়ুন।
এ ছাড়া বক্তব্য দেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি সোহেল মীর, পরিচালক মো. আরিফুল ইসলাম মান্না, সহকারী পরিচালক সাইফুল হোসেন রিয়াজ কাজী, ইসমাত মেহজাবিন বিন্তি, সৌরভ জমাদ্দার ও গোলাম মর্তুজা ইমন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় সমাজে প্রচলিত জেন্ডারভিত্তিক দৃষ্টিভঙ্গি ও বৈষম্য, নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাইয়ের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক পরিবর্তনে তরুণদের কার্যকর অংশগ্রহণের ওপর জোর দেন বক্তারা।
তাঁরা পরিবার ও সমাজে প্রচলিত জেন্ডারগত গৎবাঁধা ধারণা দূর করা এবং নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ধরনের উদ্যোগ সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও যুব সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি তরুণদের সচেতনতা ও সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলেও তাঁরা উল্লেখ করেন।
আয়োজকরা জানান, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের মূল লক্ষ্য তরুণদের সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণ উৎসাহিত করা। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের আলোচনা সভা সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
বাংলাদেশ সময়: ১৭:৪২:০১ ● ১৪ বার পঠিত
