বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
খুলনায় যানজট নিরসনে এআই প্রযুক্তিতে ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ
হোম » খুলনা » খুলনায় যানজট নিরসনে এআই প্রযুক্তিতে ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, খুলনা
খুলনা মহানগরীর যানজট নিরসন ও অপরাধ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি পরিচালনা কমিটির ১৪তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভা পরিচালনা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
সভায় নগরীর বিভিন্ন সমস্যা সমাধান ও নাগরিক সেবা উন্নয়নে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে, সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া, কেসিসির মালিকানাধীন ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং সুয়ারেজ লাইন স্থাপনের জন্য খনন করা সড়ক মেরামতে খুলনা ওয়াসার সঙ্গে সমঝোতা স্মারকে উল্লেখ করা কেসিসির শর্তগুলো অনুমোদন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ডিপিএম পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড থেকে মশক নিধনের ওষুধ কেনার সিদ্ধান্ত হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ইউনিপোল, বিলবোর্ড, প্যানা ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালানো হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে কনজারভেন্সি শাখার ঝাড়ুদারসহ সংশ্লিষ্ট কর্মীদের দিয়ে দৈনিক চার ঘণ্টা করে দুই শিফটে কাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে যুক্ত বিভিন্ন এনজিও, সিবিও, সংগঠন ও ব্যক্তি উদ্যোক্তার ভ্যানচালকদের তালিকাভুক্ত করে বর্জ্য অপসারণে শৃঙ্খলা আনা হবে। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অ্যাপ্রোন তৈরির সিদ্ধান্ত হয়েছে।
সভায় প্রফেসর মুজিবর রহমানের নামে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বিজ্ঞান ভবনের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ময়লাপোতা মোড়সহ কেডিএ অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সরণি’ করার জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) চিঠি পাঠানো হবে।
খুলনা সিটি করপোরেশন মার্কেট উপআইন, ২০১৪-এর ৩ নম্বর উপধারা অনুযায়ী গঠিত দোকান বরাদ্দ কমিটির সুপারিশও অনুমোদন করা হয়। সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল কেসিসি পাইকারি কাঁচাবাজারে মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহৃত ইজিবাইক থেকে দৈনিক ১০ টাকা হারে টোল আদায়ের সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া নতুন কেনা ছোট প্লেট কমপ্যাক্টর, রিভারসিবল প্লেট কমপ্যাক্টর এবং প্রাইম মুভার উইথ লো-বেড ট্রেইলারের ভাড়া নির্ধারণে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের জন্য কমিটি গঠন করা হবে। হোল্ডিংয়ের নামপত্তন ফি নির্ধারণেও তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কেসিসির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ২৫(ক) ধারার ২ উপধারা অনুযায়ী সরকার পরিচালনা কমিটি গঠন করে। সভায় নগরীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার হোসেন, কেডিএর সদস্য (প্রশাসন ও অর্থ) এম এম মাহমুদুর রহমান, মোংলা বন্দর কর্তৃপক্ষের উপব্যবস্থাপক (প্রশাসন) এস এম মাইদুল ইসলাম, খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাকারিয়া, বিটিসিএলের ডিজিএম এস এম সাদমান রহমান, গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাহমুদুল হকসহ কেসিসির বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৯:১৫ ● ১৪ বার পঠিত
