বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে হাসান মাহমুদ
হোম » খেলা » টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে হাসান মাহমুদ
![]()
সাগরকন্যা খেলা ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বড় অর্জন পেয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার পর এবার আইসিসি র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাঁর। সাত ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ৩৮তম স্থানে উঠেছেন এই পেসার।
বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে এই অবস্থানে উঠে এসেছেন হাসান। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্স করেও প্রথমবারের মতো এই অবস্থানে উঠেছিলেন তিনি।
আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন হাসান। দ্বিতীয় ইনিংসে শিকার করেন আরও একটি উইকেট। একই ম্যাচে সাত উইকেট নেওয়া ইবাদত হোসেনও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। ১১ ধাপ উন্নতি করে তাঁর অবস্থান এখন ৬৭তম।
চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি বোলারদের মধ্যে তাঁর ওপরে রয়েছেন শুধু তাইজুল ইসলাম। তিন ধাপ পিছিয়ে তাইজুল এখন ১৮তম স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ম্যাট হেনরির সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র চার।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে লিটন কুমার দাসের। আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করা লিটন তিন ধাপ এগিয়ে লোকেশ রাহুলের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে উঠেছেন। প্রথম ইনিংসে অর্ধশতক করা তানজিদ হাসান ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে রয়েছেন।
তবে এক ধাপ করে পিছিয়েছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন। মুশফিকের অবস্থান ১৮তম এবং নাজমুলের ২১তম। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছেন মুশফিক।
আফগানিস্তানের রহমত শাহ প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করে ১৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা সেদিকউল্লাহ অতল ৪১ ধাপ এগিয়ে এখন ৯১তম স্থানে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজের অবস্থানের পরিবর্তন হয়নি। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ভারতের রবীন্দ্র জাদেজার পর তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ১৭:২৭:৪৬ ● ১৪ বার পঠিত
