বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
গৌরনদীতে নিঃসন্তান বিধবা কনকের চাওয়া একটু মাথা গোঁজার ঠাঁই
হোম » বরিশাল » গৌরনদীতে নিঃসন্তান বিধবা কনকের চাওয়া একটু মাথা গোঁজার ঠাঁই
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম সোমাদ্দারপাড় গ্রামে জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করছেন ৭০ বছর বয়সী নিঃসন্তান বিধবা কনক হালদার। জীবনের শেষ প্রান্তে এসে তাঁর একমাত্র চাওয়া, ঝড়-বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার মতো একটি নিরাপদ ঘর।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, সোমাদ্দারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি ছোট্ট জরাজীর্ণ ঘরে বসবাস করছেন কনক হালদার। ঘরটির অবস্থা এতটাই নাজুক যে, জোরে বাতাস বইলেই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বর্ষায় ছাদ চুঁইয়ে পানি পড়ে, আর শীতকালে ঘরের ভেতরে ঢুকে পড়ে হিমেল হাওয়া। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই কাটছে তাঁর দিন-রাত।
কনক হালদার প্রয়াত দীনবন্ধু হালদারের স্ত্রী। স্বামী-সন্তানহীন এই বৃদ্ধার একমাত্র আশ্রয় জরাজীর্ণ ঘরটি। স্থানীয়রা জানান, অন্যের সহায়তায় কোনোমতে দিন পার করছেন তিনি। বয়সের ভারে ন্যুব্জ এই নারীর নিজের বলতে তেমন কিছুই নেই। নিরাপদে বসবাসের উপযোগী একটি ঘরই এখন তাঁর সবচেয়ে বড় প্রয়োজন।
পরিবেশকর্মী সৈয়দ মাজারুল ইসলাম রুবেল বলেন, ‘বিধবা ও নিঃসন্তান কনক হালদারের মাথা গোঁজার ঠাঁই নেই। সরকারি-বেসরকারি সহায়তা কিংবা হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় তাঁর জন্য একটি ছোট ঘরের ব্যবস্থা করা গেলে জীবনের শেষ সময়ে তিনি অন্তত একটু নিরাপদে থাকতে পারবেন।’
কনক হালদারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জীবনের শেষ সময়ে এসে কনক হালদারের চাওয়া খুব বেশি নয়। ঝড়-বৃষ্টি থেকে বাঁচার মতো একটি নিরাপদ ঘর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে তাঁর জীবনে ফিরতে পারে কিছুটা স্বস্তি।
বাংলাদেশ সময়: ১১:২৫:০৯ ● ৩৭ বার পঠিত
