বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
নাজিরপুরে জরিমানার জেরে কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ সার ব্যবসায়ীর বিরুদ্ধে
হোম » পিরোজপুর » নাজিরপুরে জরিমানার জেরে কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ সার ব্যবসায়ীর বিরুদ্ধে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুরে অবৈধভাবে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানার পর এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী মো. বাবুল মোল্লার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে লাইসেন্স ছাড়াই সার বিক্রি করে আসছিলেন। পূর্ব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিবের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।
এ সময় বাবুল মোল্লার দোকান ও গুদাম থেকে ২ বস্তা ইউরিয়া, সাড়ে ৩ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি ও ৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযোগে বলা হয়, অভিযান শেষে বিপুল কুমার মল্লিক বাজারে ব্যক্তিগত কাজে গেলে বাবুল মোল্লা তাঁর পথরোধ করেন। অভিযানে সহযোগিতা করার কারণে তাঁকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি দিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে তাঁকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্ত ব্যক্তি চলে যান।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত কর্মকর্তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার জব্দ ও জরিমানা করা হয়। অভিযানের সময় বাবুল মোল্লা তাঁর সঙ্গেও অসদাচরণ করেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করার পর বাবুল মোল্লা উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর দোকানের শাটারের লাঠি দিয়ে হামলা চালান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বলেন, দীঘিরজান বাজারের ব্যবসায়ী বাবুল মোল্লার দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে চলে আসার পর কৃষি বিভাগের এক কর্মকর্তাকে ওই ব্যক্তি মারধর করেছেন বলে তিনি শুনেছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১:১৫:০৪ ● ২০ বার পঠিত
