মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬

সংবাদ প্রকাশের পর অবশেষে মির্জাগঞ্জে ১০ বছর ভেঙে থাকা সেই সেতুর সংস্কার

হোম » পটুয়াখালী » সংবাদ প্রকাশের পর অবশেষে মির্জাগঞ্জে ১০ বছর ভেঙে থাকা সেই সেতুর সংস্কার
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

সংবাদ প্রকাশের পর অবশেষে মির্জাগঞ্জে ১০ বছর ভেঙে থাকা সেই সেতুর সংস্কার

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে সংবাদ প্রকাশের পর রানীপুর খালের ওপর দীর্ঘ ১০ বছর ধরে ভেঙে পড়ে থাকা সেতুটি অবশেষে সংস্কার করা হয়েছে। এতে প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্কার শেষে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 

উপজেলার রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রানীপুর খালের ওপর সেতুটির অবস্থান। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকায় এলাকাবাসী দুর্ভোগে ছিলেন। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তাঁরা সমস্যার সমাধান পাননি।

 

ভাঙা সেতুর দুরবস্থা নিয়ে সাগরকন্যা অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পরে স্থানীয় দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে সেতুটি নির্মাণের কাজ শুরু হয়। প্রায় দুই মাস ধরে কাজ চলার পর সম্প্রতি সেতুটি চলাচলের উপযোগী করা হয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রানীপুর খালের ওপর সেতুটি প্রায় ১০ বছর ধরে ভেঙে পড়ে ছিল। সংবাদ প্রকাশের পর একটি বেসরকারি সংস্থাও সেতুটি নির্মাণের আশ্বাস দিয়েছিল। পরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সেতুর কাজ শুরু হয়। সংস্কার শেষে সেতুটি চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

 

দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এ জলিলুর তালুকদার সাগরকন্যাকে বলেন, রানীপুর খালের ওপর গুরুত্বপূর্ণ সেতুটি প্রায় ১০ বছর ধরে ভাঙা অবস্থায় ছিল। সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সেতুটির দুরবস্থার খবর দেখার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রচেষ্টায় সেতুটির কাজ সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪৫ ● ২৪ বার পঠিত