সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, বাতিল নেতানিয়াহুর সফর
হোম » বিশ্ব » উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, বাতিল নেতানিয়াহুর সফর
![]()
সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক
লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলে অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর অধিকৃত পশ্চিম তীরে পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার সকালে মানারা ও ইফতাহ বসতির মধ্যবর্তী এলাকায় এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, নে’ওত মর্দেখাই বসতির কাছাকাছি ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। সংস্থাটির চিকিৎসাকর্মীরা জানান, আহতদের মধ্যে অন্তত আটজন গুরুতর অবস্থায় রয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এলাকায় আগে থেকে পড়ে থাকা কোনো অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ পুরো এলাকা ঘিরে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বিস্ফোরণের উৎস ও কারণ অনুসন্ধান করছেন।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল-জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা শুরু করে। এতে উত্তরাঞ্চলের কয়েক হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন।
এদিকে, দক্ষিণ লেবাননের কিছু এলাকা দখলে নিয়ে ইসরায়েলি বাহিনী সেখানে সামরিক অভিযান চালিয়ে আসছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সর্বশেষ বিস্ফোরণের পর ঘটনাস্থলে সেনা ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।
নূর ওদেহ জানান, উত্তর ইসরায়েলের অনেক বাসিন্দা এখনো নিজ এলাকায় ফেরেননি। নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্ষম হবে কি না, তা নিয়ে তাঁদের মধ্যে আস্থার সংকট রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪৫:০৯ ● ১০ বার পঠিত
