বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
হোম » আবহাওয়া » গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে দুই দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন। বাতাসের চাপও কিছুটা বেড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত ৯টায় গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ৮৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৫০ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২৩:৫৬ ● ৪২ বার পঠিত
