সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে চলন্ত ফেরি থেকে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ

হোম » পিরোজপুর » পিরোজপুরে চলন্ত ফেরি থেকে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

পিরোজপুরে চলন্ত ফেরি থেকে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় কচা নদীতে চলন্ত ফেরি থেকে পড়ে বাবুল মাঝি (৩৫) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিখোঁজ বাবুল মাঝি বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামের মো. হারুন মোল্লার ছেলে। তিনি বঙ্গোপসাগরগামী একটি ফিশিং ট্রলারের মাঝি।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, টগরার পাড় থেকে ছেড়ে আসা ফেরিটি চরখালী ঘাটে পৌঁছানোর আনুমানিক ৫০ থেকে ১০০ ফুট আগে বাবুল মাঝি নদীতে পড়ে যান। এ সময় তিনি ফেরির সামনের দিকে রেলিংয়ের ওপর বসে ছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন।

 

খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। তবে কচা নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

 

ভাণ্ডারিয়া ফায়ার স্টেশনের অফিসার আব্দুস সোবহান জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নদীতে প্রবল স্রোতের কারণে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সোমবার বরিশাল থেকে ডুবুরি দল এসে পুরোদমে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

 

ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাবুল মাঝির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১:৪৮:২৯ ● ৩০ বার পঠিত