রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
হোম » পিরোজপুর » পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে পিরোজপুর জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর জেলায় আইন-শৃঙ্খলাসহ সার্বিক কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মো. রাজিব আহসান এমপি। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল এবং সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা থেকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১:১৮:৪৮ ● ১৪ বার পঠিত
