রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬
মহিপুরে কৃষক হত্যা মামলার বাদীর বিরুদ্ধে বাড়িঘর লুটের অভিযোগ
হোম » পটুয়াখালী » মহিপুরে কৃষক হত্যা মামলার বাদীর বিরুদ্ধে বাড়িঘর লুটের অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে কৃষক হত্যা মামলার বাদীর বিরুদ্ধে আসামিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে মালামাল, গরু ও ছাগল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যা মামলার এক আসামির স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করেছেন। তবে হত্যা মামলার বাদী অভিযোগটি মিথ্যা দাবি করে বলেছেন, হত্যা মামলার সমঝোতা না হওয়ায় তার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে।
মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গত ১৯ জুলাই প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ কৃষক হারিচ আহম্মদ ওরফে মজিবুর গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মো. সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে গত ২১ জুলাই মহিপুর থানায় যুবদল নেতা মো. খলিলুর রহমান, তার স্ত্রী মোসাম্মৎ পারুল বেগমসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার পর ২৪ ও ২৫ জুলাই র্যাব-৮-এর নেতৃত্বে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এজাহারভুক্ত আসামি মো. সালেক ও মো. ছারোয়ারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। অন্য আসামিরা আগাম জামিন নিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) যুবদল নেতা খলিলুর রহমান ও তার পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় দীর্ঘদিন পর নিজ বাড়িতে ফেরেন। এ সময় বাড়ির মালামাল, গরু ও ছাগল না থাকায় তারা লুটপাটের অভিযোগ করেন।
খলিলুর রহমানের পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ২২ ও ২৫ জুলাই রাতে হত্যা মামলার বাদী সাইফুল ইসলাম বাবুলের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা ফ্রিজ, স্বর্ণালংকার, গরু-ছাগলসহ প্রায় ৯১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাইফুল ইসলাম বাবুলসহ ১৯ জনকে আসামি করে সিআর মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের তদন্তাধীন।
অভিযোগের বিষয়ে হত্যা মামলার বাদী সাইফুল ইসলাম বাবুল বলেন, ‘হত্যা মামলার সমঝোতা করতে না পেরে আমার বিরুদ্ধে এই মিথ্যা লুটপাটের মামলা দায়ের করা হয়েছে।’
মামলা ও পাল্টা মামলার ঘটনায় দুই পক্ষের নারী, পুরুষ ও শিশুরা গ্রামছাড়া হয়ে পড়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০:১৪:৩৩ ● ২৩ বার পঠিত
