সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
নলছিটিতে একই এলাকায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪
হোম » ঝালকাঠী » নলছিটিতে একই এলাকায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে একই এলাকায় পৃথক দুটি অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার নবনির্মিত ব্রিজের ওপর পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে এসআই (নিঃ) সুফল সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মো. মুস্তাফিজুর রহমানকে (২৮) আটক করেন। তিনি সুবিদপুর গ্রামের মোহাম্মদ বাবুল হাওলাদারের ছেলে।
এর প্রায় ৩০ মিনিট পর একই স্থানে দ্বিতীয় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মিজানুর রহমান। এ সময় আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মোহাম্মদ ইয়াসিনের (১৬) হেফাজত থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তার সঙ্গে থাকা মোহাম্মদ সুজন হাওলাদার (১৭) ও মোহাম্মদ রাফিকেও (১৭) আটক করা হয়।
ইয়াসিন নলছিটি উপজেলার কোকিলা গ্রামের আব্দুল সালামের ছেলে। একই গ্রামের মানিক হাওলাদারের ছেলে সুজন এবং মোহাম্মদ কুদ্দুস মোল্লার ছেলে রাফি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:০৭:২৪ ● ২৫ বার পঠিত
