রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
নাজিরপুরে এডিটেড ভিডিও ছড়িয়ে সাংবাদিক সিপারের মানহানির অভিযোগ
হোম » গণমাধ্যম » নাজিরপুরে এডিটেড ভিডিও ছড়িয়ে সাংবাদিক সিপারের মানহানির অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আংশিক ও বিকৃত ভিডিও ছড়িয়ে মানহানির অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন সাংবাদিক নেতারা।
অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি নাজিরপুর উপজেলার চৌঠাইমহল এলাকায় দুপুরে একটি বিরিয়ানি দোকানে খাবার খেতে যান নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার। খাবারের মান নিয়ে দোকান মালিকের কাছে অসন্তোষ প্রকাশ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় দোকানদারের আচরণের প্রতিবাদ জানান সিপার।
অভিযোগ রয়েছে, ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট আড়াল করে ওই সময়ের আংশিক ভিডিও গোপনে ধারণ করা হয়। পরে ভিডিওটির কিছু অংশ কেটে সম্পাদনা করে একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এডিটেড ভিডিও ছড়িয়ে সাংবাদিকের ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানির চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক নাইম হাসান তালুকদার, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদসহ স্থানীয় সাংবাদিকরা।
এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ ও ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ভিডিও সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ভুক্তভোগী সাংবাদিক এস এম সিপার বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো। সত্য ঘটনা আড়াল করে আমাকে ব্ল্যাকমেইল এবং সামাজিকভাবে হেয় করার জন্য কাটিং করা ভিডিও ব্যবহার করা হচ্ছে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ‘ডেইলি নাজিরপুর’ নামের একটি কথিত ভুয়া ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে নাজিরপুরের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, প্রশাসন ও থানা পুলিশের সদস্যদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:০২:১৫ ● ২৮ বার পঠিত
