শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে শোভাযাত্রা ও আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন

হোম » পটুয়াখালী » বাউফলে শোভাযাত্রা ও আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬


 

বাউফলে শোভাযাত্রা ও আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার কালাইয়া মদনমোহন জিউড় আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

 

জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালাইয়ার ঐতিহ্যবাহী বাণিজ্যিক বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শত শত ভক্ত ও পুণ্যার্থী অংশ নেন।

 

পরে কালাইয়া মদনমোহন জিউড় আখড়াবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শ্রীকৃষ্ণের মূল বাণী ছিল অধর্মের বিনাশ ঘটিয়ে পৃথিবীতে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মীয় উৎসব সব ধর্মের মানুষের অংশগ্রহণে সার্বজনীন উৎসবে পরিণত হয়।’

 

তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, কালাইয়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শিবানন্দ রায় বণিক, প্রভাষক রণজিৎ রায় ও ব্যবসায়ী দুলাল কর্মকার।

 

বক্তারা শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে সমাজ থেকে অন্যায়, অবিচার ও অধর্ম দূর করে শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

আলোচনা সভা শেষে বিশ্ব শান্তি ও জনকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৮ ● ১১ বার পঠিত