শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী নিহত
হোম » ঝালকাঠী » স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী নিহত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৪৮) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান লিজাকে (২৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আউড়া গ্রামে লিজার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পলাশের বাড়ি নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামে। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রী লিজার বাবার বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি ফার্মেসিও পরিচালনা করছিলেন।
পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ লিজাকে আটক করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫:০৪:৪৬ ● ২৪ বার পঠিত
