শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
মনপুরায় প্রকাশ্যে কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জখম
হোম » ভোলা » মনপুরায় প্রকাশ্যে কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জখম![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় বাজারে প্রকাশ্যে মোসলেহ উদ্দিন মাঝি নামে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোরালিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত মোসলেহ উদ্দিন মাঝি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের বাসিন্দা।
মোসলেহ উদ্দিন মাঝি জানান, রাতে কোরালিয়া বাজারে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীদের চিনতে পারলেও তিনি তাদের নাম প্রকাশ করেননি।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১:৩৫:০৯ ● ২২ বার পঠিত
