বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ১৫

হোম » পটুয়াখালী » দুমকিতে বাড়ছে ডেঙ্গু, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ১৫
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬


 

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ১৫

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জ্বর, তীব্র শরীর ব্যথা ও দুর্বলতা নিয়ে আসা রোগীদের ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। আক্রান্ত শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করায় রোগীদের সুস্থতার হারও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন লিটন বলেন, শুরুতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও চিকিৎসা পাওয়ার পর রোগীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

 

দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম শাহীন বলেন, হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণে পর্যাপ্ত কিট ও প্রয়োজনীয় ওষুধ রয়েছে। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বর্ষা মৌসুমে বাড়ির আঙিনা ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৫১ ● ১৪ বার পঠিত