বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
এডিসের বিরুদ্ধে পিরোজপুরে ফগার মেশিনের অভিযান
হোম » পিরোজপুর » এডিসের বিরুদ্ধে পিরোজপুরে ফগার মেশিনের অভিযান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
ডেঙ্গুর বিস্তার রোধে মাঠে নেমেছে পিরোজপুর জেলা পরিষদ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে ফগার মেশিনে মশা নিধন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। মাসব্যাপী এ কর্মসূচি জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পরিচালিত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় জেলা পরিষদ কার্যালয় থেকে সদর উপজেলা কার্যালয় চত্বর, পৌরসভাসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফগার মেশিনে ওষুধ ছিটানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
![]()
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন করলেই হবে না, এডিস মশার প্রজননস্থলও ধ্বংস করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
তিনি বলেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, বোতলসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে নিরাপদ ও ডেঙ্গুমুক্ত পিরোজপুর গড়ে তোলা সম্ভব।
জেলা পরিষদ সূত্র জানায়, ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মশা নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:০৭:৩৫ ● ১২ বার পঠিত
