বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
হোম » বরগুনা » বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ফৌজদারি বিচার কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা জেলা জজশীপের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাসুদের সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পাবলিক প্রসিকিউটর আলহাজ মো. নুরুল আমীন, বিভিন্ন আদালতের ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
কনফারেন্সে ফৌজদারি মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, আদালতের ওয়ারেন্ট যথাসময়ে তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত, সাক্ষীদের নিরাপত্তা প্রদান এবং নির্ধারিত সময়ে মালখানা থেকে মামলার আলামত আদালতে উপস্থাপনসহ বিচার কার্যক্রমসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় ফৌজদারি বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আদালত, পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, বিচার বিভাগকে সহযোগিতা করা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বরগুনা জেলা পুলিশের সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তবে আদালতের আদেশ বাস্তবায়ন, ওয়ারেন্ট তামিলসহ বিচারিক কার্যক্রমসংশ্লিষ্ট দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অনীহা যেন না থাকে, সে বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপ্রার্থীরা যাতে দ্রুত আইনের আশ্রয় ও ন্যায়বিচার পান, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করবে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাসুদ বলেন, ফৌজদারি বিচার প্রক্রিয়ায় গতিশীলতা আনয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনের মাধ্যমে বিচার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করা সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা জরুরি।
তিনি সুষ্ঠু ও কার্যকর বিচার কার্যক্রম পরিচালনায় পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় আরও বাড়ানোর আহ্বান জানান।
কনফারেন্সটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন।
বাংলাদেশ সময়: ২:৪১:৫৮ ● ৬৫ বার পঠিত
