বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দুজনের মৃত্যু

হোম » পিরোজপুর » নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দুজনের মৃত্যু
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুরে পৃথক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন শেখ (৪৪) এবং নারিকেল গাছ থেকে পড়ে মো. হিরু হাজরা (৩৭) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার মাটিভাঙ্গা ও সদর ইউনিয়নে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত সুমন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামের মহর আলী শেখের ছেলে। তিনি মাটিভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসানও বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতের স্ত্রী সোনিয়া বেগম বলেন, বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বাড়িতে থাকা গরুর খামারের বৈদ্যুতিক পানির পাম্প চালু করতে গিয়ে সুমন বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অপরদিকে, হিরু হাজরা উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের তৈয়ব আলী হাজরার ছেলে। তিনি পেশায় ডাব-নারিকেল ব্যবসায়ী ছিলেন।

 

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল শিকদার বলেন, বুধবার সকালে হিরু বাড়ির কাছের একটি বাড়িতে ডাব-নারিকেল পাড়তে যান। এ সময় নারিকেল গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাকিল খান বলেন, সুমন শেখ ও হিরু হাজরাকে তাদের স্বজনরা মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:০৮ ● ১৪ বার পঠিত