বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় এক হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি আটক
হোম » বরগুনা » বরগুনায় এক হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি আটক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে আসা একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম খলিল (৩৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজার মূল্য তিন লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক ইব্রাহিম খলিল বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের ছত্তার বয়াতীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, ইব্রাহিম খলিল ঢাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে বরগুনার উদ্দেশে আসছেন। এ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।
পরে ঢাকা থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইব্রাহিম খলিলকে শনাক্ত করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে চিপসের প্যাকেটের ভেতরে রাখা পাঁচটি ছোট প্যাকেট থেকে মোট এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সংস্থাটির কর্মকর্তাদের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম খলিল ইয়াবা বহনের কথা স্বীকার করেছেন। বরগুনায় বিক্রির উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে ইয়াবাগুলো নিয়ে আসছিলেন বলেও কর্মকর্তাদের কাছে জানিয়েছেন।
বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহিম খলিলকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজার মূল্য তিন লাখ টাকা।’
তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ইব্রাহিম নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ থানায় নিয়ে এসেছেন। তার বিরুদ্ধে মামলা হবে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।’
বাংলাদেশ সময়: ১১:৩৫:১১ ● ৩৮ বার পঠিত
