মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ
হোম » পটুয়াখালী » বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল (৪৮) আহত হয়েছেন। তাঁর অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা নজরুল খান ও তাঁর সহযোগীরা তাকে মারধর করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে নজরুল খানের দাবি, তিনি হামলা নয়, প্রতিরোধ করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই দিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ। সভাপতি পদে শাজাহান খানের নাম একমাত্র প্রার্থী হিসেবে প্রস্তাব ও সমর্থন করা হলে তাকে সভাপতি ঘোষণা করা হয়।
এ সময় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি জানান সোহেল। একপর্যায়ে তাঁর সঙ্গে নজরুল খানের তর্কবিতর্ক হয়। পরে সোহেলের ওপর হামলার অভিযোগ ওঠে।
সোহেলের দাবি, কমিটির সভায় ছয়জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়। কিন্তু ওই দিন উপস্থিত ছিলেন পাঁচজন। ফলে কোরাম পূর্ণ না করেই সভাপতি নির্বাচন করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, একমাত্র প্রার্থী হিসেবে শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী উপস্থিত সদস্যদের নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে নজরুল খান বলেন, ‘আমি হামলা করিনি, প্রতিরোধ করেছি।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনের বিষয়ে পুলিশকে জানানো হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ২৩:৫২:৩২ ● ২১ বার পঠিত
