মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতে বাবা ও দুই শিশুপুত্রের মরদেহ; তদন্তে পুলিশ
হোম » খুলনা » এক বাড়িতে বাবা ও দুই শিশুপুত্রের মরদেহ; তদন্তে পুলিশ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
যশোরের শার্শায় একই বাড়ি থেকে এক বাবা ও তার দুই শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে শিশু দুটিকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন এবং তার সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান।
এরপর দুই শিশু সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর) বাবার সঙ্গে বাড়িতে ছিল। প্রাথমিকভাবে শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:২০ ● ২০ বার পঠিত
