মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, পায়রাসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হোম » আবহাওয়া » লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, পায়রাসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, পায়রাসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোর থেকে পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং কয়েকটি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উড়িষ্যা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

 

এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ছোট-বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ছে। কলাপাড়ায় মঙ্গলবার ভোর থেকে অব্যাহত বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। নদ-নদীর পানির উচ্চতাও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে।

 

লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলো দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এদিকে পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১১:১২ ● ৮৫ বার পঠিত