সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
কয়রায় নিরাপদ পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ
হোম » খুলনা » কয়রায় নিরাপদ পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলার ছয়টি ইউনিয়নে নিরাপদ পানির সংকট নিরসনে নাগরিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মানবকল্যাণ ইউনিটের কনফারেন্স রুমে বারসিক এনগেজ প্রকল্পের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার রক্ষায় বারসিক চার বছর মেয়াদি ‘এনগেজ প্রকল্প’ বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় নাগরিক ও কর্তৃপক্ষের মধ্যে সংযোগ স্থাপন এবং নিরাপদ পানির সংকটের টেকসই সমাধান খুঁজতে এ সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ এবং কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিন।
উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার বাবলু জোয়ারদার।
এ সময় বক্তব্য দেন কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, পরিবেশ সাংবাদিক রিয়াছাদ আলী, আমাদী ইউনিয়ন সিএসও সভাপ্রধান উন্মে হাবিবা, বাগালি ইউনিয়ন সিএসও সদস্য সচিব তাপস কুমার, উত্তর বেদকাশী ইউনিয়ন সিএসও সভাপ্রধান শিফালী মুন্ডা, মহেশ্বরীপুর ইউনিয়ন সিএসও সভাপ্রধান নাসরিন সুলতানা এবং আমাদী ইউনিয়ন সিএসও সদস্য সচিব রাসেল আহমেদ।
সংলাপে বক্তারা বলেন, কয়রা উপজেলার আমাদী, বাগালি, মহারাজপুর, মহেশ্বরীপুর, কয়রা সদর ও উত্তর বেদকাশী ইউনিয়ন বর্তমানে নিরাপদ পানির সমস্যার মুখোমুখি। এ সংকট নিরসনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু ড্রাম সরবরাহ কোনো স্থায়ী সমাধান নয়। নিরাপদ পানির উৎস নির্বাচন, পানির মান পরীক্ষা, উৎসগুলোর রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি এলাকার প্রাকৃতিক জলাধারগুলো স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনঃখনন ও সংরক্ষণ করা জরুরি। এতে নিরাপদ পানির সংকট কিছুটা হলেও নিরসন সম্ভব হবে।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১৯:২২:৫৯ ● ৩০ বার পঠিত
