সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
হোম » বিশ্ব » লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
![]()
সাগরকন্যা ডেস্ক
ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার দিবাগত রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
ইরানের বিভিন্ন বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো অভিযানে জর্ডানের কিং হোসেন ও আল-আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ অভিযানকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে আখ্যায়িত করেছে আইআরজিসি।
বিবৃতিতে দাবি করা হয়, হামলায় শত্রুপক্ষের প্রযুক্তিগত ও কারিগরি অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা সফল হবে না। ইরানের বিরুদ্ধে যেকোনো হামলার জবাবে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে রোববার হরমুজ প্রণালির কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মাসেরও বেশি সময় পর এটি ছিল ইরানের ভূখণ্ডে এ ধরনের প্রথম মার্কিন হামলা।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, হরমুজ প্রণালিতে রকেটের সাহায্যে মাইন স্থাপনের প্রস্তুতির অভিযোগে লারাক দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় দ্বীপটিতে থাকা ইরানের দুটি উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয় বলে ওই কর্মকর্তা দাবি করেন।
লারাক দ্বীপে হামলায় সেনা ও বেসামরিক লোকজন হতাহত হওয়ার দাবি করে এর জবাবে পাল্টা হামলার ঘোষণা দিয়েছিল আইআরজিসি।
হরমুজ প্রণালির কাছে অবস্থিত লারাক দ্বীপ বিশ্ব নৌ-বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথের কাছে হওয়ায় অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সামরিক ও কূটনৈতিক উত্তেজনার কেন্দ্র হিসেবে বিবেচিত।
বাংলাদেশ সময়: ৬:৫৩:২২ ● ২১ বার পঠিত
