সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
নেছারাবাদে ডকইয়ার্ড মালিককে জড়িয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগ
হোম » পিরোজপুর » নেছারাবাদে ডকইয়ার্ড মালিককে জড়িয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদের বরছাকাঠি এলাকার চৌধুরী ডকইয়ার্ডের মালিক মো. সরোয়ার হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এসব পোস্টের মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের মানহানি এবং হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন সরোয়ার হোসেন।
সরোয়ার হোসেনের অভিযোগ, স্থানীয় মাসুদুর রহমান, সালাম ও মমতাজ বেগমের প্ররোচনায় একটি চক্র তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছে। পাশাপাশি ডকইয়ার্ড থেকে আয়রন প্লেট চুরির ঘটনাকে ভিন্ন খাতে নিতে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য, ডকইয়ার্ডে কাজ করা রংমিস্ত্রি মিলনের লোকজনের মাধ্যমে আয়রন প্লেট সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে চুরি যাওয়া প্লেট উদ্ধারের উদ্যোগ নেওয়ায় উল্টো তাকেই ওই ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন সরোয়ার হোসেন।
স্থানীয়দের সঙ্গে বিরোধের পেছনে কয়েকটি পুরোনো ঘটনার যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। তার দাবি, কিছুদিন আগে সরকারি চাল কম দামে কেনার অভিযোগে রংমিস্ত্রি মিলনের ঘর থেকে চাল উদ্ধারের পর তাকে জরিমানা করা হয়। ওই ঘটনার পর থেকেই তার ওপর ক্ষোভ তৈরি হয়।
এদিকে সরোয়ার হোসেনের বোন নাছিমার জায়গার পুকুরপাড় দিয়ে মাসুদুর রহমানের কয়েকজন ভাড়াটিয়ার চলাচল নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সরোয়ার হোসেনের দাবি, বাড়ির পূর্ব পাশে চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও পশ্চিম পাশের পুকুরপাড় দিয়ে চলাচল করায় নাছিমা তাদের নিষেধ করেন। পরে পুকুরপাড়ে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধ আরও জটিল হয়। এ ঘটনায় মাসুদুর রহমান তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বলেও জানান তিনি।
তবে মাসুদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা ওই রাস্তা ব্যবহার করে আসছি। আমার ভাড়াটিয়ারাও রাস্তা ব্যবহার করে। এছাড়া আমার বাড়ির পূর্ব পাশ থেকেও আরেকটি রাস্তা আছে, যেটা আমরা ব্যবহার করি।’
চৌধুরী ডকইয়ার্ডের মালিক মো. সরোয়ার হোসেন বলেন, ‘আমার বোনের জায়গায় বেড়া দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। আবার আমার ডকইয়ার্ড থেকে আয়রন প্লেট চুরির ঘটনাতেও আমাকে জড়ানো হচ্ছে। আমার ডকইয়ার্ডে লাখ লাখ টাকার মালামাল পড়ে আছে। সেখানে আমি প্লেট চুরি করেছি এমন অভিযোগ হাস্যকর। কয়েকজন মিলে আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে নিয়মিত ষড়যন্ত্র ও বিভ্রান্তি ছড়াচ্ছে।’
তিনি আরও বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১:৩৫:৪৯ ● ৩৭ বার পঠিত
