সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
কমিটি গঠনের ৭ দিনের মধ্যে মির্জাগঞ্জ ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত
হোম » পটুয়াখালী » কমিটি গঠনের ৭ দিনের মধ্যে মির্জাগঞ্জ ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত
![]()
সাগরকন্যা সংবাদদাতা, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সব ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনের সাত দিনের মধ্যে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গত ২৩ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তে কমিটিগুলো বাতিল করা হয়।
কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিটি রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।
জানা গেছে, গত ১৭ আগস্ট মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল বাশার মোকলেচ ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধার স্বাক্ষরে চারটি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। পরে ২১ আগস্ট আরও দুটি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। এসব কমিটি ঘোষণার পর বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
অন্যদিকে, ১৭ আগস্ট উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের স্বাক্ষরে পাঁচটি ইউনিয়নে পাল্টা কমিটি অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জাগঞ্জ উপজেলার ইউনিয়ন কমিটি গঠনের ক্ষেত্রে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া ও নিয়মাবলি অনুসরণ করা হয়নি। এ প্রক্রিয়াগত ত্রুটির কারণে উপজেলার অধীন সব ইউনিয়ন কমিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সংসদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মির্জাগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। ফলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪:২৯:১০ ● ২৭ বার পঠিত
