বুধবার ● ১২ আগস্ট ২০২৬
কলাপাড়ায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতির অশ্লীল ভিডিও ভাইরাল
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতির অশ্লীল ভিডিও ভাইরাল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধার একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ভিডিওটির সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই হয়নি।
বশির মৃধা বালিয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও রহম আলী মৃধার ছেলে। এর আগে ২০২৩ সালে তাঁর বিরুদ্ধে ওই এলাকার এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় গৃহবধূর স্বামীর দায়ের করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে ভিডিও কলে এক নারীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওর অপর প্রান্তে থাকা নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে ভিডিওতে থাকা ব্যক্তি বশির মৃধা কি না, সেটিও এখনো তদন্তসাপেক্ষ।
অভিযোগের বিষয়ে বশির মৃধা বলেন, ‘গতকাল একজন আমাকে ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছে। তবে ভিডিওটি কোথাকার, আমি দেখিনি এবং এ বিষয়ে কিছুই জানি না।’
পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা আক্তার শারমিন বলেন, ‘বশির মৃধার একটি অসামাজিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করা হবে। ভিডিওটি তাঁর বলে প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. সাহিদা বেগম বলেন, ‘এ ধরনের অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি ম্যানেজিং কমিটিতে থাকতে পারেন না। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ভিডিওটি ভাইরাল হলেও এর সত্যতা এবং ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৩৯:০৪ ● ১০২ বার পঠিত
