বুধবার ● ১২ আগস্ট ২০২৬

পটুয়াখালীতে চেম্বারের উদ্যোগে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে চেম্বারের উদ্যোগে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

পটুয়াখালীতে চেম্বারের উদ্যোগে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

কাজল বরণ দাস, পটুয়াখালী থেকে

পরিবেশ সংরক্ষণ ও দেশীয় নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে ‘নারিকেল বাগান প্রকল্প’ চালু করেছে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী শহরের স্বনির্ভর রোডসংলগ্ন লাউকাঠী নদীর তীরে বৃক্ষরোপণ ও বাগান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

প্রধান অতিথির বক্তব্যে স্নেহাংশু সরকার বলেন, ‘উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। নারিকেল গাছ একদিকে যেমন পরিবেশ রক্ষা করে, অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধি ও দেশীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্সের এই সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়।’

চেম্বারের সভাপতি মো. কামাল হোসেন জানান, আগামী পাঁচ বছরে জেলাজুড়ে ধাপে ধাপে নারিকেলের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে প্রকল্পটি বিস্তৃত পরিসরে বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে লাউকাঠী নদীর তীরবর্তী এলাকায় আনুষ্ঠানিকভাবে নারিকেলের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:০৯ ● ২৫ বার পঠিত