মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
মহিপুরে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
হোম » পটুয়াখালী » মহিপুরে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে বরকোতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামরুল হাসান ওরফে লিটন মৃধার বিরুদ্ধে অনিয়ম ও বিভিন্ন অপকর্মের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মহিপুর সদর থানার বাসিন্দা মো. শহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম অভিযোগ করেন, ডালবুগঞ্জ ইউনিয়নের বরকোতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫-১৬ বছর ধরে কর্মরত রয়েছেন সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে তাঁর আত্মীয়স্বজন থাকায় তিনি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম করে আসছেন। বিদ্যালয়ের পরিত্যক্ত ইট ও রড নিজের বাড়ির উন্নয়নকাজে ব্যবহারেরও অভিযোগ করেন তিনি।
শহিদুল ইসলামের আরও অভিযোগ, কামরুল হাসান নিয়মিত বিদ্যালয়ে পাঠদান না করে এলাকায় সালিস-বাণিজ্য ও অন্যের জমি দখলের কাজে জড়িত। এ ছাড়া গত ২৪ আগস্টের ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন, কামরুল হাসানের লোকজন তাঁকে মারধর করে তাঁর দুই হাত ভেঙে দেয় এবং তাঁর কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। এসব ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ব্যক্তিগত কাজে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পরও পরদিন হাজিরা খাতায় স্বাক্ষর করেন ওই শিক্ষক। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মো. কামরুল হাসান বলেন, ‘আমার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত যে রায় দেবেন, আমি তা মাথা পেতে নেব। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহিদা বেগম বলেন, ‘বিষয়টি নিয়ে তিনি মহাপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযোগ করেছেন। এখন আমাদের কিছু করার নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৭:০৮:০৫ ● ২০ বার পঠিত
