সোমবার ● ১০ আগস্ট ২০২৬
আমতলীতে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হোম » বরগুনা » আমতলীতে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
‘বিদ্যুৎ আসলেতো যাবে, আসেই না।’- এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন বরগুনার আমতলী পৌর শহরের বাসিন্দা মো. রিপন মুন্সি। তিনি বলেন, সারা দিনে দুই-একবার বিদ্যুৎ এলেও ১০-১৫ মিনিটের বেশি থাকে না। বিদ্যুতের আশা ছেড়ে দিয়ে এখন বিকল্প চিন্তা করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৫ দিন ধরে আমতলী উপজেলায় তীব্র লোডশেডিং চলছে। প্রতিদিন গড়ে চার-পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন।
আমতলী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম মো. কাওসার আহমেদ বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। আমতলী উপজেলায় বিদ্যুতের দৈনিক চাহিদা ১৩ মেগাওয়াট। সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫ মেগাওয়াট। ফলে ৮ মেগাওয়াট ঘাটতি থাকায় লোডশেডিং হচ্ছে।
জানা গেছে, আমতলী উপজেলায় ৬৭ হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এসব গ্রাহকের জন্য দৈনিক বিদ্যুতের চাহিদা ১৩ মেগাওয়াট। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে গ্রাহকদের। এতে জনজীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে।
গৃহিণী রুমা আক্তার সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, ‘এখন বিদ্যুতের যন্ত্রণাই চরম। দিনে থাকেই না, এলেও কিছুক্ষণ পর চলে যায়। রাতে একটু থাকলেও চলে গেলে আর আসে না। এই যন্ত্রণা থেকে রক্ষা পেতে সরকারের কাছে দাবি জানাই।’
স্কুলছাত্রী তানজিলা আক্তার বলেন, ‘বিদ্যুতের কারণে রাতে লেখাপড়া প্রায় বন্ধ। এখন হারিকেন ছাড়া উপায় নেই।’
মাছ বিক্রেতা আব্দুল কাদের বলেন, ‘বরফ না পাওয়ায় মাছ নিয়ে খুব বিপদে আছি। আল্লাহই জানেন, কখন এ বিপদ থেকে রক্ষা পাব।’
আমতলীর ফাতেমা আইস ফ্যাক্টরির মালিক মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যুতের কারণে বরফ উৎপাদন প্রায় বন্ধ। ব্যবসার অবস্থা বেশ খারাপ। মাছ ব্যবসায়ীদের চাহিদামতো বরফ দিতে পারছি না। এতে তারাও সমস্যায় পড়ছেন।’
বাংলাদেশ সময়: ২০:০৭:২৮ ● ২৭ বার পঠিত
