সোমবার ● ১০ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
হোম » ঝালকাঠী » ঝালকাঠিতে পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঝালকাঠি গড়ার প্রত্যয়ে শহরে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি পৌরসভা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মোসা. সাহিন সুলতানা, সহকারী প্রকৌশলী (সিভিল) টি এম রেজাউল হক রিজভী, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. নাজমুল হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।
কোমলমতি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪৫ ● ২৩ বার পঠিত
