রবিবার ● ৯ আগস্ট ২০২৬
বরগুনায় ইয়াবাসহ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা গ্রেপ্তার
হোম » বরগুনা » বরগুনায় ইয়াবাসহ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা (৩৫) নামে গেজেটভুক্ত এক জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন মৃধা বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। তিনি জুলাই আন্দোলনের গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা। সরকারি গেজেটে তাঁর নম্বর ২৯৩।
ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় সুমন মৃধাকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন বলেন, ‘ইয়াবাসহ আটকের পর সুমন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাঁকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, রোববার দুপুরে সুমন মৃধাকে পুলিশ প্রহরায় বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
সুমন মৃধার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১:৪৬:৩১ ● ২৭ বার পঠিত
