রবিবার ● ৯ আগস্ট ২০২৬
বৈষম্য দূর করে সারা দেশে সমান উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার: সেলিমা রহমান
হোম » বরগুনা » বৈষম্য দূর করে সারা দেশে সমান উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার: সেলিমা রহমান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
দেশের উন্নয়ন যেন কোনো নির্দিষ্ট অঞ্চলকেন্দ্রিক না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। তিনি বলেছেন, অতীতের বৈষম্য ও অবহেলা দূর করে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার কাজ করছে।
রবিবার (৯ আগস্ট) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শুরুর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার প্রধান অতিথি সেলিমা রহমানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।
সেলিমা রহমান বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপরও গুরুত্ব দেন তিনি।
জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বরগুনার উন্নয়ন অগ্রযাত্রা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, পিছিয়ে থাকা এলাকার সমস্যা ও জেলার সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা জেলার উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। জেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন।
সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বিএনপি নেতা এজেডএম সালেহ ফারুক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস মাহমুদ এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুরাদ খান।
মতবিনিময় সভায় বরগুনার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। জেলার উন্নয়ন ও জনসেবায় নিজ নিজ অবস্থান থেকে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
বাংলাদেশ সময়: ২১:৪১:১০ ● ৩০ বার পঠিত
