শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
কলাপাড়ায় সৌদি খেজুরের বাগানে তাণ্ডব, উদ্যোক্তার ১৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় সৌদি খেজুরের বাগানে তাণ্ডব, উদ্যোক্তার ১৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষি উদ্যোক্তার সৌদি খেজুরের বাগানে হামলা চালিয়ে ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ ২৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী প্রকৌশলী ও উদ্যোক্তা মোজাহিদুল ইসলাম। ঘটনার পর দায়ের করা মামলায় অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী মোজাহিদুল ইসলাম জানান, উপজেলার পৌরশহরের বাদুরতলী বাঁধঘাট এলাকায় দুই ভাই মিলে ২৭ শতক জমিতে ২০১৮ সালে সৌদি খেজুরের বাগান গড়ে তোলেন। দীর্ঘ প্রচেষ্টার পর ২০২২ সাল থেকে গাছে ফল আসতে শুরু করে। পরে খেজুর বিক্রির পাশাপাশি ২০২৪ সাল থেকে চারা উৎপাদন ও বিক্রিও শুরু করেন। বর্তমানে বাগানে প্রায় ৭০টি পরিণত সৌদি খেজুর গাছ, দুই শতাধিক চারা এবং বিভিন্ন ফলজ গাছের নার্সারি রয়েছে।
তার অভিযোগ, গত ৩০ জুলাই সকাল ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি খামারের গেট ভেঙে প্রবেশ করে ফলনধরা অন্তত ১০টি সৌদি খেজুর গাছ কুপিয়ে নষ্ট করে। এছাড়া আম, লংগান, লেবু, মালবেরি ও ফলন্ত কলাগাছসহ বিভিন্ন গাছ কেটে ফেলা হয় এবং তিনটি খেজুরের ছড়া কেটে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ৫ আগস্ট কলাপাড়া থানায় মামলা দায়ের করেন মোজাহিদুল ইসলাম। মামলায় তিনি উল্লেখ করেন, হামলায় তার প্রায় ১৫ লাখ ২৭ হাজার টাকার ক্ষতি হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন।
মোজাহিদুল বলেন, আমার শরীরে আঘাত করলে হয়তো একসময় সেই ক্ষত শুকিয়ে যেত। কিন্তু জীবিকার অবলম্বন ধ্বংস করে দেওয়ায় আমি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ তাকে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে সম্মাননা দিয়েছিল। নিজের শ্রম, মেধা ও অধ্যবসায়ে গড়ে তোলা এই বাগান ধ্বংস হওয়ায় তিনি ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, ঘটনার পর ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। পরিকল্পিতভাবে এ ক্ষতি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী জানান, মামলার একমাত্র আসামি রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৯:৪১ ● ৪৬ বার পঠিত
