বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬

জেলে আটক ছেলের সঙ্গে শেষ দেখা হলো না বাবার, পথে হৃদ্‌রোগে মৃত্যু

হোম » বরগুনা » জেলে আটক ছেলের সঙ্গে শেষ দেখা হলো না বাবার, পথে হৃদ্‌রোগে মৃত্যু
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


 

জেলে আটক ছেলের সঙ্গে শেষ দেখা হলো না বাবার, পথে হৃদ্‌রোগে মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

আদরের সন্তানকে একনজর দেখার আকুতি নিয়ে বরগুনা জেলা কারাগারে যাওয়ার পথে অটোচালক হানিফ মিয়া (৬০) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিজের চালিত অটোরিকশায় বসেই বৃহস্পতিবার (৬ আগস্ট) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা বাজার এলাকায় তার মৃত্যু হয়।

 

নিহত হানিফ মিয়া বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হানিফ মিয়ার ছেলে বেল্লাল হোসেন একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বরগুনা জেলা কারাগারে আটক রয়েছেন। ছেলের সঙ্গে দেখা করতে এবং তার খোঁজখবর নিতে বৃহস্পতিবার সকালে নিজের অটোরিকশা নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওনা হন হানিফ।

 

পথিমধ্যে হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পরে স্থানীয়রা খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান। ছেলের সঙ্গে শেষবারের মতো দেখা করার আকুতি নিয়ে ঘর থেকে বের হওয়া বাবার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

নিহতের স্বজন বেতাগী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহীন বলেন, ‘তিনি অনেক ভালো মানুষ ছিলেন। ছেলেকে একনজর দেখতে এবং তার খোঁজখবর নিতেই সকালে অটো নিয়ে বরগুনার উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু পথেই তার এমন পরিণতি হবে, তা আমরা কেউ কল্পনাও করতে পারিনি।’

 

বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল বাসার খান বলেন, ‘সন্তানের অপরাধ বা কারাবাসের কষ্ট একজন পিতাকে কতটা তিলে তিলে শেষ করে দিতে পারে, হানিফ মিয়ার আকস্মিক মৃত্যু যেন তারই এক নির্মম বাস্তব উদাহরণ।’

বাংলাদেশ সময়: ২০:২৯:২৯ ● ৩০ বার পঠিত